ভারতের আসাম রাজ্যের জোরহাট বিমানবাহিনী ঘাঁটিতে অবতরণের সময় একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেছে। শনিবার বিমান বাহিনী স্টেশনের চত্বরের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অবতরণের সময় বিমানটি ঘাঁটির চত্বরের মধ্যেই আছড়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে আগুন লেগে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দ্রুত জরুরি উদ্ধার বাহিনী মোতায়েন করা হয়।
ভারতীয় বিমানবাহিনী ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যালোচনার পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে এবং ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ এবং হতাহতের বিষয়ে কোনো তথ্য জানানো সম্ভব হয়নি।
আন্তোনভ এএন-৩২ ভারতীয় বিমানবাহিনীর অন্যতম প্রধান পরিবহন বিমান, যা তৎকালীন সোভিয়েত ইউনিয়নে ভারতের বিশেষ চাহিদার কথা বিবেচনায় রেখে তৈরি করা হয়েছিল। বিমানটি প্রতিকূল আবহাওয়া, উঁচু বিমানঘাঁটি এবং উষ্ণ ক্রান্তীয় পরিবেশে উড্ডয়নে সক্ষম। এটি সর্বোচ্চ সাত দশমিক পাঁচ টন মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহন করতে পারে। দুর্গম এলাকায় রসদ সরবরাহে এ বিমান ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর বহরে এ ধরনের প্রায় ১০০টি বিমান রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত মার্চে আসামের কার্বি আংলং জেলায় একটি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হলে দুই পাইলট নিহত হন। বিমানটি ৫ মার্চ জোরহাট বিমানবাহিনী স্টেশন থেকে নিয়মিত উড্ডয়নের পর সন্ধ্যা সাতটা বেজে ৪২ মিনিটে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার একটি দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।
আরও পড়ুন:








