বৃহস্পতিবার

১১ জুন, ২০২৬ ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬ ২২:৪৪

শেয়ার

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
ছবি সংগৃহীত

পাকিস্তানের মুজাফফরাবাদের কাছে দেশটির সেনাবাহিনীর এভিয়েশনের একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সমস্ত সামরিক আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১০ জুন) পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানায়, উড্ডয়নের সময় হেলিকপ্টারটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আরও জানায়, হেলিকপ্টারে থাকা সব কর্মকর্তা ও সেনাসদস্য শাহাদাত বরণ করেছেন, কেউই বেঁচে নেই।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর হেলিকপ্টারে থাকা সামরিক সদস্যদের সংখ্যা সম্পর্কে কোনো তথ্য দেয়নি। তবে উদ্ধার ও অনুসন্ধানকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

দেশটির সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ অসীম মুনির এবং সেনাবাহিনীর সব স্তরের কর্মকর্তা-সদস্যরা হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

এর আগে, গত বছরের সেপ্টেম্বরে গিলগিট-বালতিস্তানের দিয়াম জেলায় কারিগরি সমস্যার কারণে সেনাবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচ সৈন্য নিহত হন। একই বছরের আগস্টে খাইবার পাখতুনখোয়া সরকারের একটি উদ্ধারকারী উড়োজাহাজ বৈরী আবহাওয়ার কারণে মোহমান্দ জেলায় বিধ্বস্ত হলে দুই পাইলট ও তিন ক্রু সদস্যের প্রাণহানি ঘটে।,



banner close
banner close