সোমবার

৮ জুন, ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ইরাকে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুন, ২০২৬ ১১:২২

শেয়ার

ইরাকে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯
ছবি সংগৃহীত

ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোমবার (৮ জুন) স্থানীয় পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

কর্মকর্তারা জানান, রোববার বিকেলে নাসিরিয়া শহরের নিকটবর্তী একটি ব্যস্ত মহাসড়কে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই বাসটিতে আগুন ধরে গেলে মুহূর্তেই পুরো যানবাহনটি আগুনে পুড়ে যায়।,

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তারা ঘটনাস্থল থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করে এবং আহত ১৯ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

নাসিরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের অধিকাংশই গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের অনেকের শরীরের বিভিন্ন অংশে মারাত্মক পোড়া ক্ষত রয়েছে। ফলে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, বাসচালক কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, অতিরিক্ত গতি, সড়কের দুর্বল অবকাঠামো এবং ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়নের অভাবের কারণে ইরাকে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। ফলে দেশটিতে সড়ক নিরাপত্তা দীর্ঘদিন ধরেই একটি বড় উদ্বেগের বিষয় হয়ে রয়েছে।,



banner close
banner close