ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসভার ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করতে বৈঠক ডেকেছিলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পৌরসভার কাউন্সিলদের নিয়ে আলোচনার আয়োজন ছিল। কিন্তু মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি বাতিল করে দেন বৈঠক। মূলত জনরোষ ও পচা ডিম ছোড়ার ‘ভয়’ থেকেই তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্রের দাবি।
রোববার (৭ জুন) সকালে পূর্বনির্ধারিত এই বৈঠক বাতিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগের পর পৌরসভার কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এই অচলাবস্থা কাটিয়ে উঠতে করণীয় সম্পর্কে আলোচনার জন্য বৈঠক ডেকেছিলেন দলের নেত্রী।
দলীয় সূত্রের দাবি, কাউন্সিলরদের নিয়ে দক্ষিণ কলকাতার ইএম বাইপাসের তৃণমূল ভবনে এই বৈঠক ডাকা হয়েছিল। এতে উপস্থিত থাকার কথা ছিল কলকাতা পৌরসভার কাউন্সিলর ও তৃণমূলের শীর্ষ নেতাদের। সেখানে কলকাতা পৌরসভার ভবিষ্যৎ ও নতুন কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। আগামী তিন দিনের মধ্যে নতুন মেয়রের নাম চূড়ান্ত করতে তোড়জোড় করছে দলটি।
তবে বৈঠক শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগেই তা বাতিল করা হলো। বিকেল সাড়ে তিনটায় তৃণমূল ভবনে ডাকা কাউন্সিলরদের বৈঠকে ক্ষমতাসীন দল বিজেপি বিক্ষোভ করার শঙ্কা দেখা দেয়। পাশাপাশি ‘জনতা’ ডিম ছুড়তে পারেন বলেও খবর এসেছে দলের শীর্ষ নেতৃত্বের কাছে। এমন পরিস্থিতিতে পৌরসভার অনেক কাউন্সিলরই বৈঠকে আসতে রাজি হননি। তাই বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রটি দাবি করেছে।
দলীয় নেতাদের মতে, আগামীকাল সোমবার বিজেপিবিরোধী জোট ইন্ডিয়া মঞ্চের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর সেখানে যোগ দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তৃণমূল ভবনে অথবা কাউন্সিলরদের গায়ে ডিম ছোড়া হলে তা মোটেও ভালো ফল বয়ে আনবে না। সবদিক খতিয়ে দেখেই বৈঠক বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস।,
আরও পড়ুন:








