রবিবার

৩১ মে, ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আফগানদের বিশেষ প্রযুক্তি কাঁদা মাটি দিয়ে ডিপ ফ্রিজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ মে, ২০২৬ ১৪:৩৩

শেয়ার

আফগানদের বিশেষ প্রযুক্তি কাঁদা মাটি দিয়ে ডিপ ফ্রিজ
ছবি সংগৃহীত

বিদ্যুৎ বা আধুনিক প্রযুক্তি ছাড়াই কাদামাটি ও খড় দিয়ে তৈরি বিশেষ পাত্রে মাসের পর মাস ফলমূল সংরক্ষণের আফগান ঐতিহ্যবাহী পদ্ধতি কাংগিনা সম্প্রতি বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত ভিডিও ভাইরাল হওয়ার পর গবেষক ও পরিবেশবিদরা প্রযুক্তিটির দিকে নতুনভাবে মনোযোগ দিচ্ছেন।

আফগানিস্তানের উত্তর ও মধ্যাঞ্চলে শত শত বছর ধরে প্রচলিত এই পদ্ধতিতে কাদামাটি ও খড় মিশিয়ে দুটি অর্ধগোলক আকৃতির খোল তৈরি করা হয়। রোদে শুকানোর পর ভেতরে আঙুরসহ বিভিন্ন ফল রেখে কাদা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়, যাতে ভেতরে সীমিত বায়ু প্রবেশ করতে পারে। ঠান্ডা ও শুষ্ক পরিবেশে রাখলে এই পদ্ধতিতে ফল প্রায় ছয় মাস পর্যন্ত সতেজ থাকে।

বিশেষজ্ঞরা জানান, কাংগিনা মূলত প্রাকৃতিক নিয়ন্ত্রিত বায়ুমণ্ডল সংরক্ষণ পদ্ধতি হিসেবে কাজ করে। মাটির স্তর ভেতরের অক্সিজেনের প্রবাহ কমিয়ে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বাড়িয়ে দেয়, ফলে ফলের স্বাভাবিক বিপাকক্রিয়া ধীর হয়ে যায় এবং ছত্রাক ও ব্যাকটেরিয়ার বিস্তার রোধ হয়। এ ছাড়া কাদামাটির পাত্র অতিরিক্ত আর্দ্রতা শুষে নেওয়ায় ফল দ্রুত পচে না।

স্থানীয় কৃষকদের মতে, মোটা খোসার আঙুর, বিশেষত তাইফি ও কিশমিশি জাত, এই পদ্ধতিতে সবচেয়ে ভালো সংরক্ষণ করা যায়। দুর্গম অঞ্চলে যেখানে বিদ্যুৎ ও আধুনিক সংরক্ষণ সুবিধা এখনো অপ্রতুল, সেখানে শীতকালে তাজা ফল পেতে গ্রীষ্ম বা শরৎ মৌসুমেই এই পাত্র তৈরি করে রাখেন অনেক পরিবার।

মধ্যযুগীয় কৃষিবিষয়ক লেখায়ও মাটি ও খড় দিয়ে ফল সংরক্ষণের উল্লেখ পাওয়া যায় বলে গবেষকরা জানান। আফগানিস্তানে হাজার বছর ধরে আঙুর চাষের ইতিহাস বিবেচনায় ধারণা করা হয়, কাংগিনা পদ্ধতির উৎপত্তিও কয়েক শতাব্দী আগে।

বিজ্ঞানীরা মনে করেন, বিদ্যুৎবিহীন বা স্বল্পসুবিধাপ্রাপ্ত অঞ্চলে খাদ্য অপচয় কমাতে এবং আধুনিক প্লাস্টিক প্যাকেজিংয়ের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে কাংগিনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



banner close
banner close