শনিবার

৩০ মে, ২০২৬ ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিএসএফের হোল্ডিং সেন্টারে ৩৮৬ অভিবাসী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মে, ২০২৬ ২৩:০৩

শেয়ার

বিএসএফের হোল্ডিং সেন্টারে ৩৮৬ অভিবাসী আটক
ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গের আটটি সীমান্তবর্তী জেলায় স্থাপিত ১৩টি হোল্ডিং সেন্টারে আটক নথিবিহীন ৩৮৬ জন অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার বিএসএফ ও রাজ্য পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আটককৃতদের মধ্যে সর্বাধিক ৩৩৫ জনকে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের তিনটি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। এদের মধ্যে ১০৯ জন নারী ও ৯৫ জন শিশু রয়েছে। এ ছাড়া মুর্শিদাবাদে ১৯ জন, মালদায় নয়জন এবং দক্ষিণ দিনাজপুরে আটজনকে আটক করা হয়েছে।

এর আগে শুক্রবার বিজিবি ও বিএসএফের সমঝোতার আওতায় নাগরিকত্বের নথিপত্র যাচাই-বাছাইয়ের পর ১০০ জনকে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে বলে বিএসএফ সূত্র নিশ্চিত করেছে। হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্ত এলাকায়।

পুলিশের একজন কর্মকর্তা জানান, পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণার পরপরই কয়েক ডজন নথিবিহীন অভিবাসী ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৫০০ মিটার দূরে হাকিমপুরে বিএসএফ চেকপোস্টের কাছে জড়ো হতে শুরু করেন। পরবর্তীতে তাদের বসিরহাটের হোল্ডিং সেন্টারে স্থানান্তর করা হয়।

আরেকজন পুলিশ কর্মকর্তা জানান, অভিবাসীদের সমাগমের দুটি ঢেউ দেখা গেছে। প্রথম ঢেউয়ে হাজার হাজার মানুষ সীমান্ত এলাকায় জড়ো হয়েছিলেন। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দ্বিতীয় ঢেউয়ে বিএসএফ চেকপোস্টের বাইরে প্রায় ১০০ জনকে একত্র হতে দেখা গেছে।

সীমান্তে অপেক্ষারত ব্যক্তিরা জানিয়েছেন, তারা বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করেছিলেন এবং গৃহকর্মী ও শ্রমিক হিসেবে কাজ করতেন। তাদের একটি অংশ অবৈধ উপায়ে ভারতের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা সুবিধাও নিচ্ছিলেন।

চলতি সপ্তাহে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার সব জেলায় অস্থায়ী হোল্ডিং সেন্টার স্থাপনের ঘোষণা দেয়। গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নথিবিহীন অভিবাসীদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানান এবং সতর্ক করেন যে অন্যথায় সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। একই সঙ্গে তিনি নির্দেশ দেন, আটককৃত অভিবাসীদের আদালতে হাজির না করে সরাসরি বিএসএফের কাছে হস্তান্তর করতে হবে।

ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার, যার মধ্যে ২ হাজার ২১৬ কিলোমিটার পশ্চিমবঙ্গের সঙ্গে সংলগ্ন। এই অংশের প্রায় ৬০০ কিলোমিটারে এখনো কাঁটাতারের বেড়া নেই। পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকার বেড়াবিহীন এলাকায় কাঁটাতার স্থাপন ও নতুন বিএসএফ আউটপোস্ট নির্মাণের জন্য বিএসএফকে প্রায় ১৪২ একর জমি হস্তান্তর করেছে।



banner close
banner close