সোমবার

২৫ মে, ২০২৬ ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

চীনে আকস্মিক বন্যার ‘রেড অ্যালার্ট’ জারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬ ১৭:৫৬

শেয়ার

চীনে আকস্মিক বন্যার ‘রেড অ্যালার্ট’ জারি
ছবি সংগৃহীত

চীনের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে টানা মুষলধারে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির পানিসম্পদ মন্ত্রণালয় ও আবহাওয়া প্রশাসন। রোববার (২৪ মে) যৌথভাবে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (২৫ মে) রাত ৮টা পর্যন্ত আনহুই প্রদেশের পশ্চিমাঞ্চল এবং হুবেই প্রদেশের পূর্বাঞ্চলে আকস্মিক পাহাড়ি বন্যার ঝুঁকি অত্যন্ত বেশি। একই সঙ্গে চেচিয়াং, আনহুই, চিয়াংসি ও হুবেই প্রদেশের কয়েকটি এলাকায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনগুলোকে সার্বক্ষণিক নজরদারি ও রিয়েল-টাইম পর্যবেক্ষণ জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী জনগণকে দ্রুত ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার পাশাপাশি অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাও বেড়েছে। এ পরিস্থিতিতে চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় ও আবহাওয়া প্রশাসন যৌথভাবে শানসি, আনহুই, হুবেইসহ ১০টি প্রদেশে ভূতাত্ত্বিক বিপর্যয়ের ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দক্ষিণ আনহুই ও পূর্ব হুবেই অঞ্চলে ভূমিধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ কারণে ওইসব এলাকায় ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় কেন্দ্র ও স্থানীয় পর্যায়ের সব সরকারি সংস্থাকে জরুরি আপৎকালীন প্রোটোকল সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া সাধারণ জনগণকে আবহাওয়ার সর্বশেষ তথ্য নিয়মিত অনুসরণ করতে এবং পাহাড়ি বা ঝুঁকিপূর্ণ পর্যটন এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: সিএমজি



banner close
banner close