শনিবার

২৩ মে, ২০২৬ ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঈদুল আজহায় পশ্চিমবঙ্গে ছুটি কমাল বিজেপি সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬ ১৭:৫০

শেয়ার

ঈদুল আজহায় পশ্চিমবঙ্গে ছুটি কমাল বিজেপি সরকার
ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকার ঈদুল আজহা উপলক্ষে আগে ঘোষিত দুই দিনের সরকারি ছুটি কমিয়ে এক দিন নির্ধারণ করেছে। শনিবার রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব পি. কে. মিশ্র স্বাক্ষরিত একটি নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ মে ঈদুল আজহা উপলক্ষে একদিনের সরকারি ছুটি কার্যকর থাকবে।

চলতি বছরের শুরুতে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় ২৬ ও ২৭ মে—এই দুই দিন ঈদুল আজহার ছুটি নির্ধারিত ছিল। মে মাসে রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন বিজ্ঞপ্তিতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের ছুটির তালিকার সঙ্গে সামঞ্জস্য রেখে এই পরিবর্তন আনা হয়েছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয়লাভ করে বিজেপি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় আসে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পর থেকে সরকারি দফতরে কর্মসংস্কৃতি পুনরুদ্ধার এবং প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছেন। সরকারি কর্মীদের অফিসে উপস্থিতির সময় নির্দিষ্ট করে দেওয়াসহ বেশ কিছু প্রশাসনিক নির্দেশনা ইতিমধ্যে জারি করা হয়েছে।

ছুটি কমানোর এই সিদ্ধান্ত নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে। তাঁদের একাংশ জানতে চাইছেন, ভবিষ্যতে দুর্গাপূজার দীর্ঘ ছুটির ক্ষেত্রেও অনুরূপ কোনো পরিবর্তন আসতে পারে কি না। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিরোধী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



banner close
banner close