মার্কিন বিচার বিভাগ (ডিওজে) ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি জালিয়াতি ও ঘুষের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। নিউইয়র্কের পূর্বাঞ্চলীয় জেলা আদালতের বিচারক নিকোলাস গারাউফিসের কাছে পাঠানো এক চিঠিতে বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। তবে মামলা আনুষ্ঠানিকভাবে খারিজের জন্য এখনো বিচারকের অনুমোদন প্রয়োজন।
বিচার বিভাগ জানিয়েছে, মামলাটি পর্যালোচনা করে তাদের আইনি ক্ষমতাবলে আর বাড়তি সময় ও সম্পদ ব্যয় না করার সিদ্ধান্ত হয়েছে। চিঠিতে মামলা স্থায়ীভাবে খারিজের (with prejudice) আবেদন করা হয়েছে।
মামলাটি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের আমলে দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, আদানি গ্রিন এনার্জি ভারতে বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি পেতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছে। একইসঙ্গে মার্কিন ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহের সময় মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে।
প্রসিকিউটরদের দাবি অনুসারে, এ প্রক্রিয়ায় আদানি ও তার সহযোগীরা ৩ বিলিয়ন ডলারেরও বেশি তহবিল সংগ্রহ করেছিলেন। নিউইয়র্কের পূর্বাঞ্চলীয় জেলার তৎকালীন অ্যাটর্নি ব্রিয়ান পিস বলেছিলেন, বিলিয়ন ডলারের চুক্তি নিশ্চিত করতে অভিযুক্তরা ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়ার একটি জটিল নীলনকশা তৈরি করেছিলেন। গৌতম এস আদানি, সাগর আর আদানি ও বিনীত এস জৈন মার্কিন ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে তহবিল সংগ্রহের সময় তথ্য গোপন রেখেছিলেন এবং মিথ্যা বলেছিলেন।
আদানির মালিকানাধীন প্রতিষ্ঠান শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছে।
মামলা প্রত্যাহারের সঙ্গে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতির যোগসূত্র রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচারকের অনুমোদন পেলে মামলাটি পুরোপুরি শেষ হয়ে যাবে।
(সূত্র: আল জাজিরা ও মার্কিন বিচার বিভাগের নথি)
আরও পড়ুন:








