মঙ্গলবার

১৯ মে, ২০২৬ ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ইমাম-পুরোহিত ভাতা বন্ধ করলেন শুভেন্দু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ মে, ২০২৬ ২২:৪১

শেয়ার

ইমাম-পুরোহিত ভাতা বন্ধ করলেন শুভেন্দু
ছবি সংগৃহীত

ইমাম-পুরোহিতদের মাসিক ভাতা বন্ধসহ ধর্মীয় ভিত্তিতে সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। সোমবার (১৮ মে) রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, জুন মাস থেকে ধর্মীয় পরিচয়ে কোনো গোষ্ঠীকে সরকারি সহায়তা দেওয়া হবে না। এর ফলে তৃণমূল সরকারের আমলে চালু হওয়া ইমাম, মোয়াজ্জিন এবং হিন্দু পুরোহিতদের মাসিক ভাতা স্থায়ীভাবে বন্ধ হচ্ছে।

বৈঠক শেষে মন্ত্রিসভার সদস্য অগ্নিমিত্রা পাল বলেন, ‘জনকল্যাণমূলক কর্মসূচি নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হওয়া উচিত নয়। এ বিষয়ে দ্রুত পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০১২ সালে নিবন্ধিত ইমামদের জন্য মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা চালু করেছিল। পরে একই ধরনের সুবিধা দেওয়া হয় মোয়াজ্জিনদেরও। এরপর ২০২০ সালে হিন্দু পুরোহিতদের জন্যও মাসিক ১,০০০ টাকা ভাতা শুরু হয়।

একই বৈঠকে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের বর্তমান অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) তালিকা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। অগ্নিমিত্রা পাল জানান, সরকারি চাকরিতে কোটা নির্ধারণে নতুন বিশেষজ্ঞ প্যানেল গঠন হবে।,

এছাড়া তৃণমূল সরকারের আমলে তহবিল বিতরণে অনিয়ম ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্তে একটি কমিশন গঠন করা হয়েছে বলে জানান তিনি।

তথ্যসূত্র: এনডিটিভি



banner close
banner close