সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) আল দাফরা অঞ্চলে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রের একটি জেনারেটরে এই হামলার ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে প্রাথমিক বিপর্যয়ের আশঙ্কা থাকলেও কর্তৃপক্ষ জানিয়েছে, পারমাণবিক মূল ইউনিটগুলো নিরাপদ রয়েছে।
আবুধাবি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ড্রোনটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বেষ্টনীর বাইরে থাকা একটি বৈদ্যুতিক জেনারেটরে আঘাত হানে। এতে জেনারেটরটিতে আগুন ধরে গেলে দ্রুত অগ্নিনির্বাপণ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আমিরাতের ফেডারেল অথরিটি ফর নিউক্লিয়ার রেগুলেশন (এফএএনআর)। এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, এই হামলায় তেজস্ক্রিয়তা সুরক্ষা ব্যবস্থার ওপর কোনো প্রভাব পড়েনি। বিদ্যুৎকেন্দ্রের গুরুত্বপূর্ণ সিস্টেমগুলো সম্পূর্ণ সচল রয়েছে এবং সবকটি ইউনিট স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রেখেছে। কর্তৃপক্ষ জনগণকে গুজব থেকে দূরে থাকার এবং কেবল সরকারি তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে।,
হামলাটি কারা চালিয়েছে সে বিষয়ে আমিরাত সরকার সরাসরি কারো নাম উল্লেখ করেনি। তবে মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে এই হামলাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে ইরান ও মার্কিন-ইসরায়েল যৌথ বাহিনীর মধ্যে সংঘাত শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যদিও ইরান দাবি করেছে তারা যুদ্ধবিরতি মেনে চলছে, তবে আরব আমিরাত, কুয়েত ও কাতার অভিযোগ করেছে যে তাদের ভূখণ্ডে এখনও বিচ্ছিন্নভাবে ড্রোন হামলা চালানো হচ্ছে। সূত্র: গালফ নিউজ
আরও পড়ুন:








