শনিবার

১৬ মে, ২০২৬ ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ইরাকের প্রধানমন্ত্রী হলেন আলী আল-জাইদি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ২২:৪৯

শেয়ার

ইরাকের প্রধানমন্ত্রী হলেন আলী আল-জাইদি
ছবি সংগৃহীত

ইরাকের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আলী আল-জাইদি। আজ শনিবার রাজধানী বাগদাদে এক জমকালো ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কাছ থেকে তিনি কার্যভার বুঝে নেন।

ইরাকি নিউজ এজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। চলতি মাসের শুরুর দিকে পার্লামেন্টের আস্থা অর্জনের পর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আল-জাইদির নেতৃত্বাধীন নতুন সরকারের আনুষ্ঠানিক পথচলা শুরু হলো।

এর আগে গত ১৪ মে ইরাকি পার্লামেন্টে প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এবং তাঁর মন্ত্রিসভার ১৪ জন মন্ত্রীর নাম অনুমোদন করা হয়। তবে বাকি ৯টি মন্ত্রী পদের বিষয়ে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এই আংশিক অনুমোদনের মধ্য দিয়েই নতুন প্রশাসনের জন্য কাজ শুরু করার পথ সুগম হয়।

গত ২৭ এপ্রিল ইরাকের বৃহত্তম সংসদীয় জোট 'কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক অ্যালায়েন্স' আলী আল-জাইদিকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করার পর, ইরাকি প্রেসিডেন্ট নিজার আমিদি তাঁকে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব দেন।

উল্লেখ্য, ইরাকের প্রচলিত রাজনৈতিক ক্ষমতা-ভাগাভাগির নিয়ম অনুযায়ী দেশটির রাষ্ট্রপতির পদটি ঐতিহ্যগতভাবে একজন কুর্দি প্রতিনিধির, প্রধানমন্ত্রীর পদটি একজন শিয়া প্রতিনিধির এবং পার্লামেন্টের স্পিকারের পদটি একজন সুন্নি প্রতিনিধির জন্য নির্ধারিত থাকে। সেই ধারাবাহিকতায় বর্তমানে প্রেসিডেন্ট নিজার আমিদি, প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এবং পার্লামেন্ট স্পিকার হেবাত আল-হালবুসি দেশটির শীর্ষ তিন রাজনৈতিক পদের দায়িত্ব পালন করছেন।,

সূত্র: সৌদি গেজেট



banner close
banner close