বুধবার

১৩ মে, ২০২৬ ৩০ বৈশাখ, ১৪৩৩

লেবাননের মহাসড়কে ইসরায়েলের ড্রোন হামলা; শিশুসহ নিহত আট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ১৯:৩২

শেয়ার

লেবাননের মহাসড়কে ইসরায়েলের ড্রোন হামলা; শিশুসহ নিহত আট
ছবি; সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুত থেকে দক্ষিণাঞ্চলের দিকে যাওয়া একটি প্রধান মহাসড়কে ইসরায়েলের চালানো ধারাবাহিক ড্রোন হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার বৈরুত থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে জিয়েহ এলাকায় চলন্ত গাড়ি লক্ষ্য করে তিনটি পৃথক হামলা চালানো হয়। হামলার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, গাড়িগুলো সম্পূর্ণ বিধ্বস্ত এবং আগুনে পুড়ে ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে।

দক্ষিণ লেবাননের টাইর শহর থেকে আল জাজিরার প্রতিনিধি যেইনা খুদর বলেন, সংঘাত থামার বদলে আরও ভয়াবহ হয়ে উঠছে।

তার ভাষায়, এই সংঘাতের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সাধারণ মানুষ, যারা এসব এলাকায় বসবাস করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৃহস্পতিবার ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন দফার সরাসরি আলোচনা হওয়ার কথা রয়েছে।

তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই আলোচনার বিরোধিতা করছে।

গোষ্ঠীটি উত্তর ইসরায়েল এবং দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকায় অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

বুধবার সকালে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের ছয়টি গ্রামের বাসিন্দাদের জোরপূর্বক এলাকা ছাড়ার নির্দেশ দেয়। মেইস আল-জাবাল, ইয়ানুহ, বুর্জ শেমালি, হুলা, ডেবল ও আব্বাসিয়্যাহ গ্রামের মানুষকে দ্রুত সরে যেতে বলা হয়।

ইসরায়েলি সেনাবাহিনী সতর্ক করে জানায়, এসব এলাকায় তারা “কঠোর সামরিক অভিযান” চালাবে। যারা সেখানে অবস্থান করবে, তারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

বাসিন্দাদের কমপক্ষে এক হাজার মিটার দূরে খোলা স্থানে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির সময়েও অন্তত ৩৮০ জন নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলা ও আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২ হাজার ৮০০ ছাড়িয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ চলাকালে লেবাননে ১০৮ জন চিকিৎসাকর্মী ও জরুরি সেবাকর্মী নিহত হয়েছেন। এছাড়া অ্যাম্বুলেন্স ও চিকিৎসাকেন্দ্রের ওপর ১৪০টির বেশি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে।



banner close
banner close