লেবাননে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন চিকিৎসাকর্মীও রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েল আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের বিনত জবেইল জেলার কালাউইয়া ও তিবনিন এলাকায় স্বাস্থ্যসেবা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে জরুরি সেবাকর্মীদের ওপর নতুন করে হামলার ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখন তৃতীয় সপ্তাহে গড়ালেও হামলা অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ নতুন সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটিতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৪৬ জনে।,
জাতিসংঘ জানিয়েছে, এ সময়ের মধ্যে ইসরায়েলি হামলায় অন্তত ১০৩ জন লেবাননি চিকিৎসাকর্মী নিহত এবং আরও ২৩০ জন আহত হয়েছেন। ১৩০টির বেশি হামলায় স্বাস্থ্যসেবা ও উদ্ধারকর্মীরা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।
দক্ষিণ লেবাননের টাইর শহরের সিভিল ডিফেন্স প্রধান আলী সাফিউদ্দিন বলেন, প্রতিটি মুহূর্তে আমরা হুমকির মধ্যে আছি। আমরা জানি না বাঁচব নাকি মারা যাব। এখানে কাজ করতে এসে আমরা যেন আগেই নিজেদের জীবন উৎসর্গ করেছি।
আল জাজিরার প্রতিবেদক ওবাইদা হিত্তো জানান, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী যুদ্ধক্ষেত্রে চিকিৎসাকর্মী ও উদ্ধারকর্মীদের সুরক্ষা দেওয়ার কথা থাকলেও বাস্তবে তারা ক্রমাগত হামলার মুখে পড়ছেন।
গাজা ও লেবাননে কাজ করা সার্জন ডা. তাহির মোহাম্মদ বলেন, গাজায় যেভাবে চিকিৎসাকর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছে, লেবাননেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে।
ডা. তাহির বলেন, আমি নিজ চোখে দেখেছি, ইসরায়েলি হামলায় চিকিৎসক, নার্স ও মেডিকেল শিক্ষার্থীরা নিহত হয়েছেন। লেবাননেও একই নীতি অনুসরণ করা হচ্ছে।
গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতের পর ইসরায়েলি হামলায় লেবাননে ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।,
আরও পড়ুন:








