শনিবার

৯ মে, ২০২৬ ২৬ বৈশাখ, ১৪৩৩

বিজয়ই তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী, রোববার শপথ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মে, ২০২৬ ২১:৫৭

শেয়ার

বিজয়ই তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী, রোববার শপথ
ছবি সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। রোববার (১০ মে) বিকেল সোয়া ৩টায় তার শপথ অনুষ্ঠিত হবে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিজয়ের নেতৃত্বে নয় সদস্যের মন্ত্রিসভাও একইসঙ্গে শপথ নিতে পারে।

মাত্র দুই বছর আগে গঠিত তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) এবারের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই বড় চমক দেখায়। ২৩৪ সদস্যের বিধানসভায় দলটি ১০৮টি আসন জিতে রাজ্যের সবচেয়ে বড় দলে পরিণত হয়। এর মাধ্যমে দীর্ঘ প্রায় ছয় দশক ধরে চলা ডিএমকে ও এআইএডিএমকের রাজনৈতিক আধিপত্য ভেঙে দেয় টিভিকে।

তবে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০ আসন পিছিয়ে থাকায় সরকার গঠনের পথ সহজ ছিল না। নির্বাচনের ফল প্রকাশের পর কংগ্রেসের সমর্থন নিয়ে গত বুধবার তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র আর্লেকারের সঙ্গে দেখা করেন বিজয় এবং সরকার গঠনের দাবি জানান। তবে তখন তাকে আরও সমর্থন জোগাড়ের পরামর্শ দেওয়া হয়।

পরে কংগ্রেস, সিপিআই, সিপিআই(এম), ভিসিকে ও আইইউএমএলের সমর্থন পাওয়ার পর টিভিকের পক্ষে সমর্থনকারী বিধায়কের সংখ্যা ১২১ জনে পৌঁছায়, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের চেয়ে বেশি।

টানা পাঁচ দিনের আলোচনা, গভর্নরের সঙ্গে চার দফা বৈঠক এবং জোট গঠনের জটিল সমীকরণের পর অবশেষে সরকার গঠনের পথ পরিষ্কার হয়েছে বলে মনে করা হচ্ছে।,



banner close
banner close