হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সংক্ষিপ্ত প্রচেষ্টায় অভিযান চালানোর জন্য সৌদি আরব তাদের আকাশপথ এবং ভূখণ্ডে অবস্থিত ঘাঁটিগুলো ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয়নি। শুক্রবার দুজন সৌদি সূত্র বার্তা সংস্থা এএফপি-কে এই তথ্য জানিয়েছেন।
সংবেদনশীল বিষয়ে আলোচনার জন্য নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানিয়েছেন, তবে অন্যান্য কাজের জন্য সৌদি আকাশপথ ও ঘাঁটিগুলোতে ওয়াশিংটনের প্রবেশাধিকার অব্যাহত থাকবে। সৌদি আরব বারবার বলে আসছে যে, ইরানের ওপর হামলা চালানোর জন্য তারা তাদের ভূখণ্ড বা আকাশপথ ব্যবহার করতে দেবে না।
এই সপ্তাহের শুরুর দিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র দুই দিন বয়সী ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করার ঘোষণা দেন। এই অভিযানের উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে বিশেষ পাহারায় পার করে দেওয়া। তবে ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা বৃদ্ধির ফলে তিনি জাহাজ চলাচলের এই উদ্যোগটি থামিয়ে দেন।,
বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং এই অভিযানের জন্য মার্কিন বাহিনীকে সৌদি আকাশপথ ও ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
একটি সূত্র এএফপি-কে বলেছে, সৌদি আরব অপারেশন ফ্রিডম-এর জন্য কোনো ফ্লাইটের অনুমতি দেয়নি। সূত্রটি আরও যোগ করে, সৌদি আরব এই অভিযানের বিপক্ষে ছিল কারণ তারা মনে করেছিল এটি কেবল পরিস্থিতির অবনতি ঘটাবে এবং কোনো কাজে আসবে না।
আজ শুক্রবার (৮ মে) সকালে সৌদি আরবের পাবলিক ডিপ্লোম্যাসি বিষয়ক উপমন্ত্রী রায়েদ ক্রিমলি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, তার দেশ উত্তেজনা প্রশমন এবং আলোচনার প্রচেষ্টাকে সমর্থন করার অবস্থানে অটল রয়েছে।
হরমুজ প্রণালিতে তিনটি মার্কিন ডেস্ট্রয়ারে ইরানি হামলার পরেও ট্রাম্প যখন দাবি করেন যে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে, তখন এই মন্তব্যগুলো সামনে এলো। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা এর জবাবে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যদিও তেহরান অভিযোগ করেছে যে মার্কিন পক্ষই প্রথমে গুলি শুরু করেছিল।,
আরও পড়ুন:








