যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টি শতাধিক আসন হারিয়েছে। বৃহস্পতিবারের ভোটগ্রহণের পর শুক্রবার প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকে ব্যাপক সাফল্য অর্জন করেছে, যা ব্রিটিশ রাজনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
ঘোষিত ৪০টি ইংলিশ কাউন্সিলের ফলাফলে দেখা গেছে, নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে ৩৫০টির বেশি আসন জিতেছে। একই সময়ে লেবার পার্টি ২৪০টির বেশি আসন হারিয়েছে। মোট ১৩৬টি ইংলিশ কাউন্সিলের বাকি ফলাফল দিনের পরবর্তী সময়ে প্রকাশ পাবে। স্কটল্যান্ড এবং ওয়েলসের প্রাদেশিক পার্লামেন্ট নির্বাচনেও লেবার পার্টির বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
শুক্রবার প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার এই ফলাফলকে অত্যন্ত খারাপ বলে স্বীকার করেন এবং ব্যক্তিগতভাবে দায় নেন। তবে পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে তিনি জানান, পদত্যাগ করে তিনি দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে রাজি নন।
রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ এই ফলাফলকে ব্রিটিশ রাজনীতিতে ঐতিহাসিক পরিবর্তন হিসেবে অভিহিত করেন এবং বলেন, তার দল দীর্ঘমেয়াদে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকতে এসেছে।
উল্লেখ্য, ২০২৪ সালে প্রায় ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়ে লেবার পার্টি ক্ষমতায় আসে। এটি স্টারমার সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনের ফলাফল সাধারণত কেন্দ্রীয় সরকারের জনপ্রিয়তার একটি গুরুত্বপূর্ণ পরিমাপক হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুন:








