ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা খলিল আল-হাইয়ার ছেলে আজম আল-হাইয়া নিহত হয়েছেন। গোষ্ঠীটির আরেক নেতা বাসসেম নাঈম এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।
স্থানীয় সময় বুধবার (৬ মে) রাতে চালানো ওই হামলায় আজম গুরুতর আহত হন। বৃহস্পতিবার (৭ মে) চিকিৎসাধীন তার মৃত্যু হয়।,
দখলদার ইসরাইলি বাহিনী এ পর্যন্ত তিনবার খলিল আল-হায়াকে হত্যার চেষ্টা করেছে। এসব হামলায় হায়া ইতোমধ্যে তার তিন ছেলেকে হারিয়েছেন। ২০০৮ ও ২০১৪ সালে গাজায় চালানো হামলায় দুই ছেলেকে হারান। আর গত বছর কাতারের রাজধানী দোহায় ইসরাইল হামাসের পুরো নেতৃবৃন্দকে হত্যার চেষ্টা করেছিল, এই হামলায় হায়ার তৃতীয় সন্তান নিহত হন।
হামাস কর্মকর্তা ও হায়ার সহযোগী তাহের আল-ননো এক ফেসবুক পোস্টে বলেছেন, ‘আজম খলিল আল-হায়াকে লক্ষ্য করে করা গোলাবর্ষণ নৈতিক ও চারিত্রিক অবক্ষয়ের চরম পর্যায়ের প্রতিনিধিত্ব করে। এসব গোলাবর্ষণ ও হত্যা শুধু ওই আলোচনাকারীকে তার জনগণের অধিকার ও স্বাধীন ইচ্ছার সমর্থনে তার অবস্থানকে আরও দৃঢ় করে তুলবে।’
তবে ইসরাইলি সামরিক বাহিনী এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
একইদিন ইসরাইলের আরও দুটি হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়। তাদের মধ্যে হামাস পরিচালিত পুলিশ বাহিনীর একজন কর্নেল আছেন বলে উপত্যকাটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
আরও পড়ুন:








