বৃহস্পতিবার

৭ মে, ২০২৬ ২৪ বৈশাখ, ১৪৩৩

জুলাই বিপ্লবের আদর্শে উজ্জীবিত দেশপ্রেমিক জনতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মে, ২০২৬ ১১:৪৯

শেয়ার

জুলাই বিপ্লবের আদর্শে উজ্জীবিত দেশপ্রেমিক জনতা
ছবি: সংগৃহীত

আজ প্যাট্রিয়টস অফ বাংলাদেশ (ইউএসএ) এবং বাংলাদেশ ফোরাম (ইউএসএ)-এর যৌথ উদ্যোগে "জুলাই আন্দোলনের জন্য ন্যায়বিচার" শীর্ষক এক গুরুত্বপূর্ণ গণসমাবেশ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের বিখ্যাত ডাইভার্সিটি প্রাঙ্গণে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় শুরু হওয়া এই সমাবেশের মূল লক্ষ্য ছিল জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো এবং বাংলাদেশে চলমান রাষ্ট্রীয় নৈরাজ্য, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গড়ে তোলা। জুলাই বিপ্লবকে বাংলাদেশের জনগণের অধিকার ও মর্যাদার সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করে প্রবাসী বাংলাদেশিরা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের রায়ের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের জোরালো দাবি জানান।

সমাবেশে উপস্থিত বক্তারা অত্যন্ত দৃঢ়তার সাথে বাংলাদেশে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা উল্লেখ করেন যে, রাষ্ট্রীয় নৈরাজ্য, গুম, হত্যা এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত কোনো সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না। বিশেষ অতিথি হিসেবে গবেষক মো. রেযাউল করিম তার বক্তব্যে প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে আইনের শাসনের ওপর গুরুত্বারোপ করে বলেন, "জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পথ উন্মুক্ত হবে। প্রধান অতিথি মো. রহমতুল্লা তার বক্তব্যে ঘোষণা করেন যে, জুলাই আন্দোলনের চেতনাই তাদের শক্তি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মো. আজিজুর রহমান জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আব্দুল কাদির, যিনি আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন। পরিশেষে, সমাবেশের সভাপতি এমদাদ দিপু আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা তৈরি করে সত্যকে তুলে ধরার অঙ্গীকার করেন। আয়োজক সংগঠনদ্বয় এই ঐতিহাসিক সমাবেশে অংশগ্রহণকারী সকল গণতন্ত্রপ্রেমী, মানবাধিকারকর্মী এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।



banner close
banner close