সোমবার

৪ মে, ২০২৬ ২১ বৈশাখ, ১৪৩৩

হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিল ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ মে, ২০২৬ ১১:৪৯

শেয়ার

হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিল ইরান
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে আটকা পড়া জাহাজগুলোকে মুক্ত করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামক এক বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছে ইরান।

ট্রাম্পের এ পরিকল্পনাকে ‘হস্তক্ষেপ’ উল্লেখ করে ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান এব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন।

পোস্ট করা এক বার্তায় তিনি লিখেছেন, হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক প্রশাসনিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপকে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন বলে বিবেচনা করা হবে।

আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ। বিশ্বের এক পঞ্চমাংশ তেল-গ্যাস ও জ্বালানি পণ্য এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। ফলে প্রণালি, আরব উপসাগর ও পারস্য উপসাগরে আটকা পড়ে শতাধিক জাহাজ।

রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজে আটকে পড়া এই বাণিজ্যিক জাহাজগুলোকে নৌবাহিনীর প্রহরার মাধ্যমে প্রণালি থেকে বের হতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। এই প্রকল্পের নাম ‘প্রোজেক্ট ফ্রিডম’ দিয়েছেন তিনি।

ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লেখেন, বিশ্বের অনেক দেশের বাণিজ্যিক জাহাজ হরমুজে আটকা পড়েছে। এসব দেশের অধিকাংশই মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক সংঘাতের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয় এবং তারা আমাদের কাছে অনুরোধ জানিয়েছে যে আমাদের নৌবাহিনী যেন আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে প্রণালি থেকে বের হতে সহযোগিতা করে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল, অর্থাৎ বাংলাদেশ স্থানীয় সময় সোমবার রাত থেকে হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ শুরু হচ্ছে বলে ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে এই পোস্ট করার কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়ে এ পোস্ট দেন এব্রাহিম আজিজি।



banner close
banner close