গাজা ও লেবানন সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই বিপুল পরিমাণ সামরিক শক্তির জোগান পেয়েছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় বিমান ও সমুদ্রপথে প্রায় ৬ হাজার ৫০০ টন গোলাবারুদ এবং আধুনিক সামরিক সরঞ্জাম দেশটিতে পৌঁছেছে। বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।,
মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানানো হয়েছে, এই বিশাল সামরিক চালানটি দুটি বড় জাহাজ এবং বেশ কয়েকটি মালবাহী উড়োজাহাজের মাধ্যমে ইসরায়েলে আনা হয়। বন্দরে পৌঁছানোর পর কড়া নিরাপত্তায় সড়কপথে এসব সরঞ্জাম ও গোলাবারুদ দেশটির বিভিন্ন কৌশলগত সামরিক ঘাঁটিতে পৌঁছে দেওয়া হয়েছে। মূলত সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা সচল রাখতেই এই দ্রুত সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই সরবরাহের গুরুত্ব তুলে ধরে বলেন, যেকোনো সময়ে এবং যেকোনো স্থানে শত্রুদের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে লড়াই করার জন্য সেনাবাহিনী যাতে প্রয়োজনীয় সব সরঞ্জাম পায়, তা নিশ্চিত করতেই এই সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। তিনি আরও জানান, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে সামরিকভাবে স্বয়ংসম্পূর্ণ রাখাই এখন সরকারের প্রধান লক্ষ্য।
উল্লেখ্য যে, সম্প্রতি লেবানন সীমান্তে ইসরায়েলের ‘হার্মিস ৪৫০জেড’ ড্রোন ভূপাতিত হওয়ার মতো ঘটনার প্রেক্ষাপটে এই সামরিক সরবরাহকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের আশঙ্কার মধ্যেই ইসরায়েল তাদের অস্ত্রাগার সমৃদ্ধ করার এই প্রক্রিয়া ত্বরান্বিত করেছে।,
আরও পড়ুন:








