ভারতীয় সেনাবাহিনী দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশ নিয়ে ১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত ১৩ দিনব্যাপী একটি বহুপাক্ষিক সামরিক মহড়া ‘প্রগতী’ আয়োজন করতে যাচ্ছে। ভারতের মেঘালয় রাজ্যের উমরোয়িতে অবস্থিত আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এ মহড়া অনুষ্ঠিত হবে। প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি, যৌথ সামরিক সক্ষমতা উন্নয়ন এবং আঞ্চলিক আস্থা জোরদার করাই এর মূল লক্ষ্য। তবে আমন্ত্রিত দেশগুলোর তালিকায় বাংলাদেশের নাম নেই।
ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত এ মহড়ায় অংশ নিচ্ছে লাওস, মিয়ানমার, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, ভুটান এবং সিসিলি। ভারতও এতে অংশ নেবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, মহড়ার মূল কার্যক্রমে সন্ত্রাসবিরোধী ও বিদ্রোহ দমন অভিযানকে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর সেনাবাহিনীর মধ্যে সমন্বিত অপারেশন পরিচালনার সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হবে।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক পর্যায়ে সামরিক সহযোগিতা আরও সুসংহত করার চেষ্টা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ‘প্রগতী’ মহড়া ভারতের বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে ভারত মহাসাগরীয় অঞ্চল ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার লক্ষ্য রয়েছে।
মহড়ার পাশাপাশি দুই দিনের একটি প্রতিরক্ষা শিল্প প্রদর্শনীর আয়োজন করা হবে। সেখানে ভারতের নিজস্ব উৎপাদিত সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি প্রদর্শন করা হবে।
আরও পড়ুন:








