ইরান ও লেবাননের বিরুদ্ধে চলমান হামলার বিষয়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নিরপেক্ষ থাকবে না। বরং স্পষ্টভাবে সমর্থন অব্যাহত রাখবে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে তাদের লড়াই চলবে। ‘হুথি আন্দোলন’ এক বিবৃতিতে এ অবস্থান পুনর্ব্যক্ত করে।
বুধবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ওমান উপসাগরে জলদস্যুতা’র অভিযোগ তুলে হুথিরা। তারা বলেছে, ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা ও নাবিকদের আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এসব পদক্ষেপের ফলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে এবং খাদ্য ও জ্বালানির দাম বাড়ছে বলেও দাবি করা হয়।
হুথিরা হরমুজ প্রণালিতে ইরানের নেওয়া পদক্ষেপেরও সমর্থন জানিয়ে বলেছে, নিরাপত্তা হুমকি মোকাবিলায় নিজ নিজ জলসীমায় নৌ চলাচল সীমিত করার অধিকার রাষ্ট্রগুলোর রয়েছে।
বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, ইরান, লেবানন ও ফিলিস্তিনের বিরুদ্ধে চলমান হামলার বিষয়ে ইয়েমেন নিরপেক্ষ নয়, এ অবস্থান তাদের স্পষ্ট ও প্রকাশ্য।
ইয়েমেনের রাজধানী সানাসহ জনবহুল অঞ্চলগুলোর নিয়ন্ত্রণে থাকা হুথিরা এর আগে ইরান যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সংঘাত অব্যাহত থাকলে লোহিত সাগর ও সুয়েজ খালের প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।
আরও পড়ুন:








