পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের ৭টি জেলার মোট ১৪২টি আসনে এ দফায় ভোট নেওয়া হচ্ছে। প্রায় ৩ কোটি ২২ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাগ্য নির্ধারণ হবে।
দ্বিতীয় দফার ভোটে পশ্চিমবঙ্গের ভবানীপুর, নন্দীগ্রাম ও কলকাতা শহরাঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসন রয়েছে। এ দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৪০০-এর বেশি প্রার্থী। দক্ষিণবঙ্গ ও কলকাতা অঞ্চলের আসনগুলোতে মূল লড়াই হওয়ায় এই পর্বটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত এসব এলাকায় কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিশেষ করে ভবানীপুর আসনে তৃণমূলের দলনেতা মমতা ব্যানার্জির বিপরীতে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে প্রতিদ্বন্দ্বিতা করায় সংঘাত তীব্র হয়েছে।
এর আগে প্রথম দফায় গত ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। প্রথম দফার ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয় পক্ষই নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তারা দাবি করেছে, ১৫২টির মধ্যে অন্তত ১২৫টি আসনে তাদের দল জয়লাভ করবে।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ভোটগ্রহণ শেষে আগামী ৪ মে ফলাফল ঘোষণা করা হবে। ইতোমধ্যে প্রথম দফার ভোটের ফল নিয়ে বিশ্লেষণ শুরু করেছে তৃণমূল, বিজেপি, সিপিআই(এম) ও কংগ্রেস। এ ছাড়া ভোটার তালিকা হালনাগাদ বা এসআইআর (SIR) ইস্যুটি এ নির্বাচনে গুরুত্বপূর্ণ বিতর্ক হিসেবে উঠে এসেছে, যেখানে বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন:








