সোমালিয়ার উপকূলের কাছে জলদস্যুদের হাতে একটি তেলবাহী জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি-কে একাধিক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ‘অনার ২৫’ নামের জাহাজটি বুধবার গভীর রাতে দখলে নেয় সশস্ত্র জলদস্যুরা।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সোমালিয়ার উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে থাকাকালে ছয়জন অস্ত্রধারী জাহাজে উঠে সেটি নিয়ন্ত্রণে নেয়। পরে আরও পাঁচজন সশস্ত্র ব্যক্তি জাহাজে যোগ দেয় বলে জানা গেছে।
জাহাজটিতে ১৭ জন নাবিক রয়েছেন, যাদের মধ্যে ১০ জন পাকিস্তানি, চারজন ইন্দোনেশীয়, একজন ভারতীয়, একজন শ্রীলঙ্কান এবং একজন মিয়ানমারের নাগরিক। বর্তমানে জাহাজটি জলদস্যুদের নিয়ন্ত্রণে সোমালিয়ার উপকূলের কাছে নোঙর করা রয়েছে।
নিরাপত্তা সূত্র জানায়, জাহাজটিতে প্রায় ১৮ হাজার ৫০০ ব্যারেল তেল ছিল। এটি সোমালিয়ার রাজধানী মোগাদিশু-এর উদ্দেশ্যে যাচ্ছিল, ফলে এই ছিনতাই শহরটিতে জ্বালানি সরবরাহ ও দামের ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।,
জাহাজটি ২০ ফেব্রুয়ারি সোমালিল্যান্ডের বারবেরা বন্দর থেকে যাত্রা শুরু করে। পরে সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছাকাছি পৌঁছায় এবং এরপর হরমুজ প্রণালি-সংলগ্ন জলসীমায় কিছুদিন অবস্থান করে। গত ২ এপ্রিল সেখান থেকে ঘুরে মোগাদিশুর দিকে রওনা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, কয়েক বছর বিরতির পর আবারও সোমালিয়া উপকূলে জলদস্যুতা বেড়ে যাওয়ার ইঙ্গিত মিলছে। আগে মাছ ধরার ট্রলার বা কনটেইনার জাহাজ লক্ষ্যবস্তু হলেও এবার তেলবাহী জাহাজ ছিনতাই পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
এ ঘটনায় এখনো সোমালিয়া সরকার বা আন্তর্জাতিক নৌবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে জলদস্যুদের এমন তৎপরতা আবারও ভারত মহাসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
আরও পড়ুন:








