শুক্রবার

২৪ এপ্রিল, ২০২৬ ১১ বৈশাখ, ১৪৩৩

আজ রাতে পাকিস্তানে আসতে পারে ইরানের প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ১৮:৫৮

শেয়ার

আজ রাতে পাকিস্তানে আসতে পারে ইরানের প্রতিনিধিদল
ছবি সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধিদল আজ শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে।

পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনায় বড় ধরনের অগ্রগতির ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে।

এর আগে আজ আরাগচি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, যা উভয় পক্ষই নিশ্চিত করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং ইরান-যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেছেন।

আলাপকালে ইশাক দার নিরবচ্ছিন্ন সংলাপের ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে, শান্তি আলোচনায় পাকিস্তানের ‘ধারাবাহিক ও গঠনমূলক মধ্যস্থতাকারী ভূমিকার’ প্রশংসা করেন আরাগচি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গেও পৃথকভাবে ফোনে কথা বলেছেন। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা এই ফোনালাপের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেয়নি। এমনকি ইসলামাবাদের পক্ষ থেকেও আরাগচি ও সামরিক নেতৃত্বের মধ্যকার কথোপকথনের কোনো স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে চলতি সপ্তাহের শুরুতে অন্তত নয়টি মার্কিন বিমানে যোগাযোগ সরঞ্জাম, যানবাহন, নিরাপত্তা কর্মী এবং কারিগরি দল ইসলামাবাদে পৌঁছেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই তৎপরতা দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা নিরসনে একটি বড় মাইলফলক হতে পারে।

সূত্র: আল-জাজিরা



banner close
banner close