বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৯ বৈশাখ, ১৪৩৩

ট্রাম্পের যুদ্ধবিরতিকে সন্দেহের চোখে দেখছে তেহরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ১৪:১৪

শেয়ার

ট্রাম্পের যুদ্ধবিরতিকে সন্দেহের চোখে দেখছে তেহরান
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিলেও বিষয়টি সন্দেহের চোখে দেখছে তেহরান।

ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধে এবং শান্তি আলোচনার সুযোগ দিতে যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে। তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি বলছে, ইরান এই যুদ্ধবিরতি বাড়ানোর কোনো অনুরোধ করেনি।

তাসনিমের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পেছনে কয়েকটি সম্ভাব্য উদ্দেশ্য থাকতে পারে।

প্রথমত, যুক্তরাষ্ট্র হয়তো বুঝতে পেরেছে যে যুদ্ধের মাধ্যমে আর কোনো লাভ হচ্ছে না, তাই পরিস্থিতি থেকে ধীরে ধীরে সরে আসতে চাইছে।

দ্বিতীয়ত, যুদ্ধবিরতি থাকলেও যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা নতুন করে হামলা চালাতে পারে—এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

তৃতীয়ত, যুক্তরাষ্ট্র হয়তো সরাসরি যুদ্ধ থেকে সরে গেলেও তার মিত্র ইসরায়েল সংঘর্ষ চালিয়ে যেতে পারে।

চতুর্থত, নৌ অবরোধ চালু থাকলে সংঘাত পুরোপুরি শেষ হবে না, বরং পরিস্থিতি উত্তেজনাপূর্ণই থাকবে বলে মনে করছে ইরান।

তাসনিম নিউজ এজেন্সি বলছে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর যুদ্ধের ছায়া বজায় রাখতে চায়, যাতে দেশটির অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থিতি চাপের মধ্যে থাকে। তবে ইরানও সতর্ক অবস্থানে আছে বলে জানানো হয়েছে। তারা বলছে, হরমুজ প্রণালির মতো কৌশলগত জলপথ নিয়ে পরিস্থিতি পরিবর্তন হলে তার জবাব দেওয়া হবে।



banner close
banner close