যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ভার্জিনিয়ার ভোটারদের একটি গুরুত্বপূর্ণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক ভিডিও বার্তায় ওবামা বলেন, হ্যাঁ ভোট দিয়ে আপনারা রিপাবলিকানদের অন্যায্য সুবিধা নেওয়ার চেষ্টা ঠেকাতে পারেন। এটি মাঠ সমান করার একটি সাময়িক পদক্ষেপ।
আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য এই গণভোটে সিদ্ধান্ত হবে, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত আইনসভা নতুন করে কংগ্রেশনাল মানচিত্র (রিডিস্ট্রিক্টিং)। আঁকতে পারবে কি না। ইতোমধ্যে ১০ লাখের বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রস্তাবটি পাস হলে চারটি কংগ্রেশনাল আসনের সীমানা এমনভাবে পরিবর্তন করা হবে, যাতে ডেমোক্র্যাটরা সুবিধা পেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের বর্তমান সামান্য সংখ্যাগরিষ্ঠতার প্রেক্ষাপটে এটি বড় প্রভাব ফেলতে পারে।,
ডেমোক্র্যাটদের দাবি, ২০২৫ সালে রিপাবলিকানদের পক্ষে নয়টি আসন পুনর্বিন্যাসের জবাব হিসেবেই এই পদক্ষেপ প্রয়োজন। তবে বিরোধীরা এটিকে ‘অন্যায্য’ বলে আখ্যা দিয়েছে। রিপাবলিকান কংগ্রেস সদস্য জেন কিগগান্স বলেন, ‘ভার্জিনিয়া একটি বৈচিত্র্যময় রাজ্য। একটি দল যদি নিজেদের মতো করে সবকিছু চাপিয়ে দিতে চায়, তার ফল ভালো হবে না।’
২০২৪ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভার্জিনিয়ায় ৪৬ শতাংশ ভোট পেয়েছিলেন, যা রাজ্যের রাজনৈতিক ভারসাম্যকেই তুলে ধরে।
গণভোট ঘিরে প্রচারণায় ‘হ্যাঁ’ পক্ষ অর্থ ব্যয়ে এগিয়ে রয়েছে। তাদের পক্ষে প্রচারণায় যুক্ত হয়েছেন হলিউড তারকা ক্যারি ওয়াশিংটন ও সংগীতশিল্পী জন লিজেন্ডের মতো তারকারা। তবে সব ডেমোক্র্যাটই একমত নন। কিছু ভোটার মনে করছেন, এভাবে নির্বাচনী মানচিত্র পরিবর্তন করা ন্যায্য নয়।
সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৫২ শতাংশ ভোটার প্রস্তাবটির পক্ষে, আর ৪৭ শতাংশ বিপক্ষে—যা তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, রিপাবলিকানদের কাছে বিষয়টি ‘অস্তিত্বের প্রশ্ন’ হিসেবে দেখা দিচ্ছে, যা তাদের ভোটারদের বেশি সক্রিয় করে তুলছে। অন্যদিকে ডেমোক্র্যাটদের জন্য এটি তুলনামূলক কম জরুরি মনে হতে পারে।
আরও পড়ুন:








