বৃহস্পতিবার

১৬ এপ্রিল, ২০২৬ ৩ বৈশাখ, ১৪৩৩

রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতকে দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬ ১১:৩৪

শেয়ার

রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতকে দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর তেল সংকটের জেরে রাশিয়ার তেল কেনার ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছিল যুক্তরাষ্ট্র। তবে সেই ছাড় আর নবায়ন করবে না বলে জানিয়েছে ওয়াশিংটন। এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়বে ভারতের ওপর। কারণ নিষেধাজ্ঞা ছাড়ের প্রধান সুবিধাভোগী ছিল ভারত।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সাংবাদিকদের বলেন, ‘আমরা রুশ তেলের ওপর দেয়া সাধারণ লাইসেন্স নবায়ন করব না এবং ইরানি তেলের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১১ মার্চের আগে জাহাজে থাকা তেলের ক্ষেত্রেই এই ছাড় প্রযোজ্য ছিল এবং তা ইতোমধ্যে ব্যবহার হয়ে গেছে।’

এই সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের নেয়া বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে অতিরিক্ত তেল সরবরাহ নিশ্চিত করে দাম কমানোর চেষ্টার পদক্ষেপ কার্যত শেষ হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়েছে।,

এই অস্থায়ী ছাড়গুলো ছিল স্বল্পমেয়াদি ব্যবস্থা, যার লক্ষ্য ছিল বাড়তে থাকা জ্বালানি মূল্য নিয়ন্ত্রণে রাখা। নির্দিষ্ট সময়ের আগে জাহাজে তোলা তেল সীমিত পরিসরে আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর অনুমতি দেয়া হয়েছিল। মার্চে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ জোরদার হওয়ার পর যুক্তরাষ্ট্র ৩০ দিনের একটি লাইসেন্স দেয়, যাতে ১২ মার্চের আগে জাহাজে তোলা রুশ তেল বিক্রি ও সরবরাহ করার অনুমতি দেয়া হয়। এই ছাড়ের মেয়াদ শেষ হয়েছে ১১ এপ্রিল।

একইভাবে ২০ মার্চ ইরানি তেলের ক্ষেত্রেও একটি ছাড় দেয়া হয়, যার ফলে প্রায় ১৪০ মিলিয়ন ব্যারেল তেল বৈশ্বিক বাজারে পৌঁছায়। এই ছাড়ের মেয়াদ শেষ হওয়ার কথা ১৯ এপ্রিল। এই সিদ্ধান্তের মাধ্যমে ওয়াশিংটন ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ নীতি আরো জোরদার করছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি



banner close
banner close