যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিমান হামলার পাশাপাশি আরও কিছু পদক্ষেপের কথা বিবেচনা করছেন। এর মধ্যে প্রথম পদক্ষেপ হরমুজ প্রণালিতে অবরোধ আজ সোমবার থেকে শুরু হচ্ছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা যুদ্ধের স্থায়ী সমাপ্তি আনতে ব্যর্থ হওয়ায় ট্রাম্প কঠোর ব্যবস্থা নিয়ে চিন্তা-ভাবনা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।,
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তী কী পদক্ষেপ নেবেন, এ বিষয়ে কেউ যদি ওয়াল স্ট্রিট জার্নালকে কিছু বলে থাকেন, তা সম্পূর্ণই অনুমাননির্ভর। তবে ইরানের চাঁদাবাজি বন্ধের উদ্দেশ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া তিনি বিচক্ষণতার সঙ্গে অন্য সব বিকল্প বিবেচনায় রেখেছেন। পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল)। লেনদেনের শুরুতেই এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। ইরানের বন্দরগুলো অবরোধের মার্কিন ঘোষণার পর এ দাম বাড়ে । খবর আলজাজিরার।
প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ৭ শতাংশ বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেল ১০২ দশমিক ২৯ ডলারে বিক্রি হচ্ছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলার। যুদ্ধের প্রভাবে বিভিন্ন সময়ে তা ১১৯ ডলারও ছাড়িয়ে যায়।,
আরও পড়ুন:








