সোমবার

১৩ এপ্রিল, ২০২৬ ২৯ চৈত্র, ১৪৩২

আবারও লেবাননে ইসরায়েলি হামলা, ধ্বংস একাধিক গ্রাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ২৩:৫০

শেয়ার

আবারও লেবাননে ইসরায়েলি হামলা, ধ্বংস একাধিক গ্রাম
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালিয়ে একাধিক গ্রাম ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এসব গ্রামগুলোতে শক্তিশালী বিস্ফোরক বসিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পুরো এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, লেবাননের তাইবেহ, নাকুরা এবং দেইর সেরিয়ান গ্রামে এ ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এসব গ্রামের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহু পরিবার গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং তাদের ঘরবাড়ি ও জীবিকা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। অনেকেই বলছেন, তাদের কয়েক প্রজন্মের স্মৃতি ও জীবনধারা মুহুর্তেই শেষ হয়ে গেছে।

তাইবেহ গ্রামের বাসিন্দা আহমেদ আবু তাম একটি ভিডিওতে নিজের দোকান ধ্বংস হতে দেখে বলেন, ‘চোখের সামনে নিজের পুরো জীবনটা শেষ হয়ে যেতে দেখলাম। আমি এখন পুরোপুরি নিঃস্ব।’

যদিও ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর চিহ্নিত আস্তানায় আক্রমণ করছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, তারা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং হিজবুল্লাহকে প্রতিরোধ করতে এসব অভিযান চালাচ্ছে।

তবে আন্তর্জাতিক মানবতা সংস্থাগুলো বলছে, এসব হামলা পরিকল্পিতভাবে একটি এলাকাকে নিশ্চিহ্ন করে দেয়ার কৌশল ছাড়া আর কিছুই নয়। অনেক মানবাধিকার সংস্থা বেসামরিক স্থাপনায় এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও ‘যুদ্ধাপরাধ’ হিসেবে বিবেচনা করছে।

সম্প্রতি দীর্ঘদিন ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। ইরান লেবাননকে এ যুদ্ধবিরতির অংশ হিসেবে দাবি করলেও, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননকে যুদ্ধবিরতির অংশ হিসেবে মানতে নারাজ। যুদ্ধবিরতি চলাকালীন সময়েও নিয়মিত লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল।



banner close
banner close