শনিবার

১১ এপ্রিল, ২০২৬ ২৮ চৈত্র, ১৪৩২

যুদ্ধে আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা এখন কেমন আছেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬ ১৫:০০

আপডেট: ১১ এপ্রিল, ২০২৬ ১৫:০৩

শেয়ার

যুদ্ধে আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা এখন কেমন আছেন
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বর্তমান শারীরিক অবস্থা এবং দীর্ঘ সময় জনসমক্ষে না আসার কারণ নিয়ে অবশেষে চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে। যুদ্ধের শুরুতে তেহরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় তার বাবা নিহত হওয়ার সময় মোজতবা নিজেও মারাত্মকভাবে আহত হন।
শনিবার মোজতবা খামেনির ঘনিষ্ঠ তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় ৫৬ বছর বয়সী মোজতবার মুখমণ্ডল বিকৃত হয়ে যায় এবং তিনি তার এক বা উভয় পায়ে গুরুতর আঘাত পান। তবে বর্তমানে তিনি সেই ক্ষত কাটিয়ে ওঠার আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন।
এদিকে, মোজতবা খামেনি গত ৮ মার্চ দায়িত্ব গ্রহণ করলেও এখন পর্যন্ত তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ না হওয়ায় বিশ্বজুড়ে যে রহস্য তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই স্পষ্ট। ঘনিষ্ঠ মহলের দাবি অনুযায়ী, মারাত্মক শারীরিক জখম থাকলেও তিনি মানসিকভাবে পুরোপুরি সজাগ ও কর্মক্ষম রয়েছেন। বর্তমানে তিনি কোনো সরাসরি উপস্থিতির পরিবর্তে অডিও কনফারেন্সের মাধ্যমে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক শুরু হওয়ার আগে মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে এ প্রতিবেদনে সামনে এলো।
মোজতবা খামেনির শারীরিক অবস্থার বিষয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটিই সবচেয়ে বিস্তারিত তথ্য হলেও রয়টার্স স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি।
হামলার পর থেকে এখন পর্যন্ত তার কোনো ছবি, ভিডিও বা অডিও বার্তা প্রকাশ করা হয়নি। ফলে তার অবস্থান ও সক্ষমতা নিয়ে জনমনে অনিশ্চয়তা তৈরি করেছে।
খামেনির আঘাত কেমন বা তিনি কেন জনসমক্ষে আসেননি—এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেনি ইরানের জাতিসংঘ মিশন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার প্রথম দিনেই তিনি আহত হন। ওই হামলায় তার স্ত্রী, ভগ্নিপতিসহ পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন।
ইরানের পক্ষ থেকে মোজতবা খামেনির আঘাতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও রাষ্ট্রীয় টেলিভিশনে তাকে ‘আত্মত্যাগী’ (যুদ্ধে গুরুতর আহত ব্যক্তি) হিসেবে উল্লেখ করা হয়েছে।
মার্চে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, খামেনি আহত হয়েছেন এবং সম্ভবত তার চেহারা বিকৃত হওয়ার আশঙ্কা রয়েছে। মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, মোজতবা খামেনি সম্ভবত একটি পা হারিয়েছেন। তবে সিআইএ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
একটি ইরানি সূত্র জানিয়েছে, আগামী এক-দুই মাসের মধ্যে মোজতবা খামেনির ছবি প্রকাশ করা হতে পারে এবং পরিস্থিতি অনুকূল হলে তিনি জনসমক্ষে উপস্থিতও হতে পারেন। তবে তার শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তা সম্ভব নয় বলেও সূত্রটি জানায়।



banner close
banner close