শুক্রবার

১০ এপ্রিল, ২০২৬ ২৭ চৈত্র, ১৪৩২

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬ ১৪:২৪

শেয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের
ছবি সংগৃহীত

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপ স্থগিত করেছে ইরান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

ইসরায়েলি সংবাদমাধ্যম কানের বরাত দিয়ে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে চায় তেহরান। লেবাননের সরকারি কর্মকর্তারাও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি সংলাপে আসার জন্য প্রস্তুত।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে এ তথ্য।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন যুদ্ধের পর ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র-ইরান ও ইসরায়েল। এই বিরতিকে স্থায়ী যুদ্ধাবসানের দিকে নিয়ে যেতে আজ শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসার কথা ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিদের। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জানিয়েছিলেন, বৃহস্পতিবার রাতেই ইসলামাবাদের পথে রওনা হচ্ছেন ইরানি প্রতিনিধিরা।

তবে পরে পোস্টটি মুছে ফেলেছেন তিনি। ইরানের প্রতিনিধিরা ইসলামাবাদে এসেছেন—এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। মার্কিন প্রতিনিধিরাও অবশ্য এখন পর্যন্ত ইসলামাবাদে এসে পৌঁছাননি।

গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি ঘোষণা করার পরের দিন ৮ এপ্রিল লেবাননে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এতে সেখানে নিহত হন ২৫৪ জন, আহত হন আরও ১ হাজার ১০০ জন। নিহত এবং আহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

সূত্র : জেরুজালেম পোস্ট



banner close
banner close