বৃহস্পতিবার

৯ এপ্রিল, ২০২৬ ২৬ চৈত্র, ১৪৩২

মালয়েশিয়ায় শ্রম বাজার ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বৈঠক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬ ১৬:১৫

শেয়ার

মালয়েশিয়ায় শ্রম বাজার ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বৈঠক
ছবি সংগৃহীত

মালয়েশিয়া-পুত্রজায়া বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের শ্রম বাজার, কর্মী নিয়োগ প্রক্রিয়া, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, এবং শিক্ষা খাতসহ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও চলমান অগ্রগতির প্রশংসা করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ব্যক্তিগত শুভেচ্ছা জানান এবং একটি বিশেষ পত্র হস্তান্তর করেন।

আলোচনায় উভয় দেশই শ্রমিকদের শোষণ রোধ এবং স্বচ্ছ, পরিচ্ছন্ন ও দক্ষ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। মালয়েশিয়া ও বাংলাদেশ উভয়ই পারস্পরিক সুবিধার জন্য অর্থনৈতিক সম্পৃক্ততা ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও সমর্থন প্রকাশ করে।

শিক্ষা খাতে সহযোগিতা, বিশেষ করে শিক্ষক বিনিময় এবং একাডেমিক সমন্বয় বাড়ানোর মাধ্যমে জনগণের মধ্যে সম্পর্ক গভীর করার প্রস্তাবও বৈঠকে আলোচিত হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে দেশ সফরের আমন্ত্রণ জানান।

দুই দেশের পক্ষই বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করে। সাক্ষাতকারে উপস্থিত হাইকমিশনার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন এই বৈঠক ভবিষ্যতে দুই দেশের শ্রম ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও সমৃদ্ধ করবে।



banner close
banner close