মঙ্গলবার

২৩ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, পড়েছে হরমুজ প্রণালির কাছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬ ০৮:৫৩

শেয়ার

যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, পড়েছে হরমুজ প্রণালির কাছে
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে শুক্রবার হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। একই দিনে ইরানের মধ্যাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। দুটি পৃথক ঘটনায় সংশ্লিষ্ট মার্কিন বাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকায় এ-১০ ওয়ার্থগ মডেলের যুদ্ধবিমানটি আছড়ে পড়ে। এতে থাকা একমাত্র পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ধরনের যুদ্ধবিমান সাধারণত স্থলভাগের ছোট লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলার জন্য ব্যবহৃত হয়। ধারণা করা হচ্ছে, বিমানটি ওই এলাকায় কোনো সামরিক অভিযানে নিয়োজিত ছিল।

অন্যদিকে, একই দিনে ইরানের মধ্যাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে তথ্য প্রকাশিত হয়েছে। ওই বিমানে থাকা দুই ক্রুর মধ্যে একজনকে মার্কিন বিশেষ বাহিনী উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে। অপর ক্রু সদস্য এখনো নিখোঁজ রয়েছেন এবং তাকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। এফ-১৫ যুদ্ধবিমানে সাধারণত একজন পাইলট এবং একজন অস্ত্র সিস্টেম কর্মকর্তা দায়িত্ব পালন করেন।

ঘটনাগুলো সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অবহিত করা হয়েছে বলে জানায় হোয়াইট হাউজ। দেশটির নির্বাহী দপ্তরের মুখপাত্র ক্যারোলিন লেভেট বিষয়টি সংশ্লিষ্ট গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর কথা জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে পর্যবেক্ষকদের ধারণা।

সূত্র: আনাদোলু



banner close
banner close