বৃহস্পতিবার

২ এপ্রিল, ২০২৬ ১৯ চৈত্র, ১৪৩২

ইরানের জন্য ভারতে মানবিক সহায়তা বৃদ্ধি, দূতাবাসের কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৬ ১২:৩৪

শেয়ার

ইরানের জন্য ভারতে মানবিক সহায়তা বৃদ্ধি, দূতাবাসের কৃতজ্ঞতা
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের নাগরিকদের সহায়তায় ভারতে মানবিক উদ্যোগ বেড়েছে। সাম্প্রতিক সময়ে ভারত সরকার তেহরানে ওষুধ ও ত্রাণসামগ্রী পাঠিয়েছে এবং দেশটির বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ অর্থ, গয়না ও অন্যান্য সামগ্রী দান করছেন। দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, কেরালাসহ বিভিন্ন প্রান্ত থেকে নাগরিকরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহায়তা পাঠাচ্ছেন। কেউ সঞ্চিত অর্থ দিচ্ছেন, কেউ সোনা-রুপার গয়না ও ঐতিহ্যবাহী বাসনপত্র দান করছেন। সহায়তা অব্যাহত রাখতে দূতাবাস একটি ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেছিল। তবে প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইন লেনদেন সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে দূতাবাস জানিয়েছে। বিকল্প হিসেবে সরাসরি দূতাবাসে নগদ অনুদান গ্রহণ করা হচ্ছে এবং সমস্যার সমাধানে কাজ চলছে।

সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, গত সোমবার ইরানের মাশহাদ বিমানবন্দরে একটি বিমান হামলায় মাহান এয়ারের একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়। ইরানি কর্মকর্তারা জানান, বিমানটিতে বিভিন্ন দেশ থেকে পাঠানো ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ছিল। ভারত থেকেও ত্রাণসামগ্রী পাঠানোর কথা ছিল বলে জানা গেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে ইরানের মিনাব অঞ্চলে একটি স্কুলে হামলার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় ভারতীয়দের অংশগ্রহণ আরও বৃদ্ধি পায়। দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়, এক শিশু তার সঞ্চিত অর্থ দান করেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

কাশ্মীরের বদগাম ও বারামুল্লাসহ কয়েকটি জেলায় ঈদুল ফিতরের পর স্বেচ্ছাসেবকেরা বাড়ি বাড়ি গিয়ে তহবিল সংগ্রহ করেন। সেখানে অর্থের পাশাপাশি সোনা-রুপার গয়না, গবাদিপশু ও তামার সামগ্রীও দান করা হয়েছে।

ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মীরাটের তিন ব্যক্তি ইরানে হামলায় ক্ষতিগ্রস্ত শিশুদের পরিবারের সহায়তায় প্রায় ১৫ লাখ রুপির সমমূল্যের একটি জমি দান করেছেন। জমিটি নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের পরিকল্পনা রয়েছে।

ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ভারত সরকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট দেশগুলোকে সংযম প্রদর্শন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে।



banner close
banner close