ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইরানেই অবস্থান করছেন বলে জানিয়েছেন তেহরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সেই দেদভ। সংবাদমাধ্যম আরটিসিভিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন নেতা দেশেই আছেন এবং জনসমক্ষে উপস্থিত না হওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। নিরাপত্তার স্বার্থে তিনি শত্রুপক্ষের নজর থেকে দূরে অবস্থান করছেন।
মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রকাশ্যে দেখা যাননি। এ কারণে তার সুস্থতা ও জীবিত থাকা নিয়ে সংশয় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, গত ২৮ ফেব্রুয়ারির হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন। পশ্চিমা মিডিয়ায়ও দাবি করা হয় যে, ওই হামলার পর তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।
এসব দাবি প্রত্যাখ্যান করলেও ইরানি কর্তৃপক্ষ তার অবস্থান স্পষ্ট করেনি। এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়ায় যে, রাশিয়ার রাজধানী মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। সেখান থেকেই সম্প্রতি ইরাকি জনগণের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতি দেন তিনি।
কয়েকটি পশ্চিমা গণমাধ্যমের খবর অনুসারে, ওই বিবৃতি মস্কো থেকে পাঠানো হয়েছে। এর আগে সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর নওরোজ উপলক্ষে দেওয়া প্রথম বিবৃতিও অজ্ঞাত স্থান থেকে পাঠানো হয়। উভয় বিবৃতিই রাষ্ট্রীয় গণমাধ্যমে অন্য ব্যক্তি পড়ে শোনান।
এসব ঘটনার পর রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সেই দেদভ স্পষ্ট করে বলেন, ইরানি নেতৃত্ব বারবার জানিয়েছে যে নতুন সর্বোচ্চ নেতা ইরানেই আছেন। নিরাপত্তার কারণে তিনি জনসমক্ষে আসা থেকে বিরত রয়েছেন। এ তথ্য রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস প্রকাশ করেছে।
আরও পড়ুন:








