ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল অভিযান শুরু করে, তাহলে রাশিয়ার চেচেন সামরিক ইউনিটগুলো ইরানের পক্ষে লড়তে প্রস্তুত রয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) ইরানি সংবাদমাধ্যমগুলোর বরাতে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রমজান কাদিরভের অনুগত চেচেন বাহিনীগুলো মার্কিন ও ইসরাইলি সামরিক অভিযানকে ধর্মীয় যুদ্ধ হিসেবে আখ্যায়িত করে ইরানের প্রতিরক্ষায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল বিমান হামলা চালিয়ে আসছে। কয়েক সপ্তাহের এ হামলায় কৌশলগত সাফল্য না পাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে ইরানি সূত্রগুলো দাবি করেছে।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনার সময় এই সংঘাতের সূত্রপাত হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীসহ উচ্চপদস্থ সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিকদের হত্যার ঘটনায় ইরান প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। ইরানি কর্মকর্তাদের মতে, তাদের সশস্ত্র বাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরাইলি সামরিক অবকাঠামো ও মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে কমপক্ষে ৮৬ দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
এদিকে ইরান অভিযোগ করেছে, ইউক্রেন মার্কিন ও ইসরাইলি অভিযানে শত শত বিশেষজ্ঞ মোতায়েন করে সহায়তা করছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের দূত আমির সাইদ ইরাভানি এই দাবি জানিয়েছেন।
চেচেন সৈন্য সমাবেশ বা ইউক্রেনীয় সেনা মোতায়েনের ঘটনা স্বতন্ত্র সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। তবে বর্তমান উত্তেজনা আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।
সূত্র: দ্য ইয়ন
আরও পড়ুন:








