ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দেশটি থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার এখনই উপযুক্ত সময়। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী আরাগচি তার পোস্টে বলেন, ইরান সৌদি আরবকে সম্মান করে এবং একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বিবেচনা করে। তিনি উল্লেখ করেন, যারা আরব বা ইরানিদের সম্মান করে না, ইরানের সামরিক অভিযান কেবল সেই শত্রু ও আগ্রাসনকারীদের বিরুদ্ধেই পরিচালিত হচ্ছে। এসময় তিনি ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত একটি মার্কিন বিমানের ছবিও পোস্টে যুক্ত করেন।
অপরদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন ইরানে সম্ভাব্য যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হতে পারে। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই এই সময়সীমার কথা বলে আসছেন এবং এটি এখনো তার অভিমত। ক্যারোলিন লেভিট আরও জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে এবং তা ভালোভাবে এগোচ্ছে। কূটনীতি এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম পছন্দ বলে উল্লেখ করে তিনি ইরানে স্থল সেনা মোতায়েনের সম্ভাবনাও উড়িয়ে দেননি।
সূত্র: বিবিসি
আরও পড়ুন:








