মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনের পথ খুঁজতে ইসলামাবাদ-এ চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছেন। রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পাকিস্তান টেলিভিশন-এর ফুটেজে দেখা গেছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তুরস্কের হাকান ফিদান, মিসরের বদর আবদেল আতি এবং সৌদি আরবের প্রিন্স ফয়সাল বিন ফারহান-কে মন্ত্রণালয়ে স্বাগত জানান।
কর্মকর্তাদের মতে, বৈঠকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান পরোক্ষ আলোচনার অগ্রগতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি, সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা কীভাবে আরও জোরদার করা যায়, তা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর একদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টেলিফোনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর সঙ্গে কথা বলেন। ওই আলোচনায় আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক পরিবর্তন নিয়ে দুই নেতা মতবিনিময় করেন।
এর আগে রোববার সকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইসলামাবাদে পৌঁছান। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, সফরকালে তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।
আরও পড়ুন:








