যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে টানা কয়েক সপ্তাহ স্থল হামলা চালানোর পরিকল্পনা করছে। রোববার (২৯ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে এবং এই বাহিনীকে ব্যবহার করে সপ্তাহব্যাপী অভিযান চালানো হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ হামলা প্রচলিত স্থল অভিযানের চেয়ে ভিন্ন হবে। বিশেষ বাহিনী ও আর্টিলারি ইউনিট সমন্বিত রেইডের মাধ্যমে এটি পরিচালনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। তবে এ প্রক্রিয়ায় মার্কিন সেনারা ড্রোন, মিসাইল ও গুলির মুখে পড়তে পারেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করেছেন। এ ধরনের অভিযান যুদ্ধের নতুন ধাপ তৈরি করতে পারে এবং মার্কিন সেনাদের জন্য ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে বলেও তারা মন্তব্য করেন।
সম্ভাব্য স্থল হামলার লক্ষ্য হিসেবে হরমুজ প্রণালীর কাছে অবস্থিত খার্গ দ্বীপকে বিবেচনা করা হচ্ছে। ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ এই দ্বীপ দিয়ে হয়। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে এই দ্বীপে অভিযান চালানো হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এক কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, এ অভিযানের মেয়াদ কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত হতে পারে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট সংবাদমাধ্যমটিকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ হচ্ছে প্রস্তুতি নেওয়া, যাতে প্রেসিডেন্ট সর্বোচ্চ সুবিধা নিতে পারেন। তিনি বলেন, পরিকল্পনা থাকার অর্থ এই নয় যে প্রেসিডেন্ট ইতিমধ্যে স্থল হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৩ মার্কিন সেনা নিহত ও প্রায় ৩০০ জন আহত হয়েছেন বলে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:








