নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বছর ‘জেন-জি’ আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের অংশ হিসেবে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। আন্দোলন দমনে প্রাণহানির ঘটনায় তাঁর দায় সম্পর্কে অনুসন্ধান করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নেপাল পুলিশের মুখপাত্র ওম অধিকারী ওলি এবং তাঁর সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল)-এর জ্যেষ্ঠ নেতা মিন বাহাদুর শাহি জানান, সকালে ওলিকে তার বাসভবন থেকে নিয়ে যাওয়া হয়েছে।
গত বছর সেপ্টেম্বর মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞার প্রতিবাদ থেকে এই আন্দোলনের সূচনা হলেও পেছনে দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষ কাজ করেছিল। বিক্ষোভের প্রথম দিনেই দমন-পীড়নে অন্তত ১৯ জন তরুণ প্রাণ হারান। পরবর্তী সময়ে সংঘর্ষে মোট ৭৭ জন নিহত হন।
এ ঘটনায় সরকার-সমর্থিত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গুলি চালানোর সরাসরি কোনো নির্দেশ ছিল এমন অভিযোগ প্রমাণিত না হলেও গুলি বন্ধ বা নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিবেদনে এই অবহেলাকেই অপ্রাপ্তবয়স্কসহ নিহতের সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ওলি সরকারের পতনের পর চলতি বছর ৫ মার্চ অনুষ্ঠিত সংসদ নির্বাচনে জয়ী হন র্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া বালেন্দ্র শাহ। গত শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার এক দিন পরই সাবেক প্রধানমন্ত্রী ওলিকে গ্রেপ্তার করা হলো।
আরও পড়ুন:








