হরমুজ প্রণালির পর এবার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালিতে অবরোধ জারির হুমকি দিয়েছে ইরান। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজের প্রতিবেদনে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আইআরজিসির এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা জানান, শত্রুপক্ষ ইরানের দ্বীপপুঞ্জ বা ভূখণ্ডে স্থল অভিযান চালানোর পরিকল্পনা করলে, অথবা পারস্য উপসাগর ও ওমান সাগরে তৎপরতা বাড়ালে বাব আল-মান্দেব প্রণালিতে নতুন ফ্রন্ট খোলা হতে পারে।
বাব আল-মান্দেব প্রণালিটি ইয়েমেনের দক্ষিণপশ্চিমাঞ্চলে অবস্থিত। এটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্ত করে এবং সুয়েজ খালে নৌযান চলাচলের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ন্ত্রণ করে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের ক্ষেত্রেও এ প্রণালির গুরুত্ব রয়েছে; মধ্যপ্রাচ্যের উপকূলীয় তেলক্ষেত্র থেকে উৎপাদিত তেলের একটি উল্লেখযোগ্য অংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়।
যদিও প্রণালিটির ভৌগোলিক অবস্থান ইয়েমেনের দক্ষিণাঞ্চলে, তবুও সেখানে ইরানের প্রভাব বিদ্যমান। ওই অঞ্চলে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণ থাকায় প্রণালিতে অবরোধ জারির সক্ষমতা ইরানের রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আইআরজিসির সংশ্লিষ্ট কর্মকর্তা আরও জানান, এ বিষয়ে হুথি গোষ্ঠীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি ও এনডিটিভির তথ্য অনুযায়ী, এ ধরনের হুমকি বাস্তবায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌবাণিজ্যে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন:








