বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজ নিরাপত্তা পাবে: ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ১৪:০০

শেয়ার

হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজ নিরাপত্তা পাবে: ইরান
ছবি সংগৃহীত

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয়টি দেশের বাণিজ্যিক জাহাজের ওপর কখনো হামলা করা হবে না। দেশগুলোর জাহাজ যুদ্ধের সময়েও এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে নিরাপদে চলাচল করতে পারবে।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তিনি বলেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে ছয়টি দেশের বাণিজ্যিক জাহাজে হামলা না করার সিদ্ধান্ত নিয়েছে। দেশগুলো হলো চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত এবং বাংলাদেশ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, এসব দেশের সরকারের সঙ্গে ইরানের কথা হয়েছে এবং তারা ইরানের সঙ্গে সমন্বয় করে চলতে সম্মত হয়েছে। এই ছয় দেশের বাণিজ্যিক জাহাজ সব সময়, এমনকি যুদ্ধের পরও হরমুজ প্রণালিতে নিরাপত্তা প্যাসেজ পাবে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করা হয়নি জানিয়ে আরাগচি বলেন, সেখানে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। নিজেদের বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের জন্য অনেক রাষ্ট্র ইতিমধ্যে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে এবং অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, জ্বালানি পণ্য পরিবহনের জন্য আন্তর্জাতিক বাণিজ্যপথ হিসেবে হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক জ্বালানি বাজারের প্রায় এক-পঞ্চমাংশ পণ্য এই পথ দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। এতে জ্বালানির আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এবং জ্বালানি তেলের দাম বাড়ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, এই অবরোধ শুধু শত্রুভাবাপন্ন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের ওপর প্রযোজ্য হবে। অশত্রু কিংবা মিত্রভাবাপন্ন দেশগুলোর জাহাজকে হরমুজ প্রণালি ব্যবহারে কোনো বাধা দেওয়া হবে না।



banner close
banner close