আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি ব্যবহারের জন্য বিদেশি জাহাজগুলোর কাছে টোল আদায়ের একটি আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্ট। প্রণালিটিতে ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ আইনের খসড়া তৈরির কাজ শুরু হয়েছে বলে দেশটির পার্লামেন্টের এক আইনপ্রণেতা জানিয়েছেন।
ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজকে নাম প্রকাশ না করার শর্তে ওই আইনপ্রণেতা জানান, হরমুজ প্রণালিতে চলাচল করতে ইচ্ছুক সব বিদেশি জাহাজের কাছ থেকে টোল আদায়ের জন্য এই আইন প্রণয়ন করা হচ্ছে।
জ্বালানি পণ্য পরিবহনের জন্য হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ। বৈশ্বিক জ্বালানি বাজারের প্রায় এক-পঞ্চমাংশ পণ্য এ পথ দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। এর ফলে জ্বালানির আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়ে বিশ্বের বহু দেশ ভোগান্তিতে পড়েছে।
ইরান জানিয়েছে, এই অবরোধ কেবল যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের ওপর প্রযোজ্য হবে। শত্রুভাবাপন্ন নয়, এমন দেশগুলোর জাহাজকে হরমুজ প্রণালি ব্যবহারে কোনো বাধা দেওয়া হবে না।
তবে গত ২৪ মার্চ জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংক্রান্ত বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের সদস্যরাষ্ট্রগুলোর কাছে দেওয়া এক চিঠিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শত্রুভাবাপন্ন নয় এমন দেশগুলো যদি বাণিজ্যিক প্রয়োজনে হরমুজ প্রণালি ব্যবহার করতে চায়, তাহলে তাদের জাহাজগুলোকে প্রণালিতে প্রবেশের আগে অবশ্যই ইরানের সামুদ্রিক জাহাজ চলাচল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
সূত্র: দ্য স্ট্রেইট টাইমস
আরও পড়ুন:








