মঙ্গলবার

২৩ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

রাশিয়া ইরানকে ড্রোন, খাদ্য ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ১০:৫৯

শেয়ার

রাশিয়া ইরানকে ড্রোন, খাদ্য ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক উত্তেজনার মধ্যে দেশটিকে ড্রোন, খাদ্য, ওষুধ ও গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। বৃহস্পতিবার ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি পরিস্থিতির অবনতি শুরু হওয়ার পর থেকে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে আসছে রাশিয়া। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি, যুদ্ধজাহাজ ও গুরুত্বপূর্ণ সেনা স্থাপনার অবস্থান সম্পর্কে ইরানের প্রতিরক্ষা বাহিনীকে সুনির্দিষ্ট তথ্য দিচ্ছেন রুশ গোয়েন্দা কর্মকর্তারা।

গোয়েন্দা সহায়তার পাশাপাশি ইরানে ড্রোন, খাবার ও ওষুধের চালান পাঠানো শুরু করেছে রাশিয়া। পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মার্চ মাসের মধ্যেই ড্রোনের প্রথম চালান পাঠানো শেষ হবে।

রাশিয়া ও ইরানের মধ্যে বিস্তৃত কৌশলগত চুক্তি রয়েছে। ২০২৩ সাল থেকে ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করছে রুশ সেনাবাহিনী। একই বছর থেকে বিভিন্ন ইরানি ড্রোন উৎপাদনও শুরু করেছে রাশিয়া।

এসব তথ্য যাচাই করতে ক্রেমলিনে যোগাযোগ করেছিল ফিন্যান্সিয়াল টাইমস। ক্রেমলিনের এক মুখপাত্র বলেছেন, ‘এই মুহূর্তে বিপুল পরিমাণ ভুয়া তথ্য আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তবে এটা সত্য যে ইরানের নেতৃত্বের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং তা অব্যাহত আছে।’

সূত্র: টাইমস অব ইসরায়েল



banner close
banner close