মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ১৫ দফা শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। পাকিস্তানের মাধ্যমে গত ২৫ মার্চ তেহরানের কাছে এই প্রস্তাব পৌঁছানোর পরই ইরান তা সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানকে দেওয়া প্রস্তাবের মধ্যে পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পূর্ণ প্রবেশাধিকার দেওয়া এবং আঞ্চলিক ছায়াগোষ্ঠী ত্যাগের শর্ত ছিল। পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির পাল্লা ও পরিমাণ সীমিত করার দাবিও রাখা হয়। প্রস্তাবে বলা হয়, শর্ত পূরণের বিনিময়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে মার্কিন সহায়তা দেওয়া হবে।
ইরানের পাল্টা প্রস্তাবে হরমুজ প্রণালির ওপর পূর্ণ কর্তৃত্ব, উপসাগরীয় অঞ্চল থেকে সব মার্কিন ঘাঁটি প্রত্যাহার এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। এছাড়া ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া, ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখার অনুমতি এবং লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের সামরিক অভিযান বন্ধের শর্ত দিয়েছে তেহরান।
ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পক্ষ থেকে এসব দাবি পেশ করা হয়েছে। ইরানি আইনপ্রণেতারা বলেছেন, মার্কিন প্রস্তাবের পরিবর্তে তারা নিজস্ব চুক্তির প্রস্তাব দিয়েছেন।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তা ইরানের দাবিগুলোকে ‘অবাস্তব’ বলে অভিহিত করেছেন। প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এক ইরানি কর্মকর্তা ট্রাম্পের প্রস্তাবকে বাস্তববিবর্জিত উল্লেখ করে জানান, নিজস্ব শর্ত পূরণ সাপেক্ষে ইরান যুদ্ধ সমাপ্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে।
বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায় নেই। মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারীরা দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন:








