ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে পাকিস্তানের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ আটক করেছে। আজ মঙ্গলবার প্রণালি পারাপারের সময় ‘সেলেন’ নামের ওই জাহাজটি আটক করা হয়। পরে জাহাজটি ছেড়ে দেওয়া হলেও এ পথে চলাচলের অনুমতি দেয়নি ইরান।
আইআরজিসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচিগামী কার্গো জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশের আগে ইরানের সামুদ্রিক জাহাজ চলাচল কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ায় আটক করা হয়। জাহাজের ক্যাপ্টেন ও ক্রুদের জিজ্ঞাসাবাদ শেষে জাহাজটি ছেড়ে দেওয়া হয়, তবে প্রণালি পেরোনোর অনুমতি না দিয়ে ঘুরপথে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে জাহাজটি হরমুজ থেকে পিছু হটে।
আইআরজিসির ভাষ্যমতে, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক প্রতিটি জাহাজকে ইরানের সামুদ্রিক জাহাজ চলাচল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা শুরু হওয়ার পর থেকে প্রণালিতে চলাচলে কড়াকড়ি আরোপ করেছে ইরান। ইরান ও পাকিস্তান প্রতিবেশী দেশ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার জন্য মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে নিয়োগ দিয়েছেন।
আরও পড়ুন:








