মঙ্গলবার

২৪ মার্চ, ২০২৬ ১০ চৈত্র, ১৪৩২

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে বিস্ফোরণ, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬ ১০:৩৪

শেয়ার

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে বিস্ফোরণ, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটিতেল শোধনাগারে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোমবার সংঘটিত এই বিস্ফোরণটি ঘটে মার্কিন তেল-গ্যাস কোম্পানি ভালেরো-এর মালিকানাধীন শোধনাগারে। ঘটনার পর পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষের জরুরি ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানায়, শোধনাগারের সংলগ্ন এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে এবং এ নির্দেশ সংশ্লিষ্ট সব এলাকার বাসিন্দাদের জন্য প্রযোজ্য।

অন্যদিকে, ভালেরো কর্তৃপক্ষ পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় শোধনাগারের সব কর্মীর খোঁজ পাওয়া গেছে এবং কেউ নিখোঁজ নেই। কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানানো হয়।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে শোধনাগার থেকে অগ্নিশিখা ও ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ ছিল অত্যন্ত তীব্র এবং এর অভিঘাতে আশপাশের অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে।

উল্লেখ্য, পোর্ট আর্থার শহরটি হিউস্টন থেকে প্রায় ৯০ মাইল পূর্বে অবস্থিত। ভালেরোর তথ্য অনুযায়ী, শোধনাগারটিতে প্রায় ৮০০ কর্মী কাজ করেন এবং প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করা হয়। এছাড়া সেখানে গ্যাসোলিন, ডিজেল ও জেট জ্বালানি উৎপাদন করা হয়।



banner close
banner close