সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৯ চৈত্র, ১৪৩২

ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা সম্ভব নয়, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর দাবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬ ১৯:৪০

শেয়ার

ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা সম্ভব নয়, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর দাবি
ছবি সংগৃহীত

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেছেন, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা সম্ভব নয়। তিনি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ করে বলেছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার মতো বিষয়ও বাস্তবসম্মত নয়। তাই এসব নিয়ে মিথ্যা বন্ধ করার আহ্বান জানান তিনি।

সোমবার ইসরায়েলের চ্যানেল ১৩-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বারাক ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে সরকারের বক্তব্যকে চ্যালেঞ্জ করেন। তার অভিযোগ, এই যুদ্ধ নিয়ে স্পষ্ট মিথ্যা প্রচার করা হচ্ছে এবং যুদ্ধ শেষ করার কোনো কার্যকর কৌশল সরকারের কাছে নেই।

বারাক আরও বলেন, বর্তমান রাজনৈতিক নেতৃত্বের কাছে যুদ্ধ শেষ করার মতো জ্ঞান বা সদিচ্ছা—দুটিরই অভাব রয়েছে। গাজা ও লেবাননে সামরিক অভিযানের ক্ষেত্রেও সরকার ঘোষিত লক্ষ্য পূরণ করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। তার কথায়, বারবার পূর্ণ বিজয়ের দাবি করা হলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন রয়ে গেছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো অক্ষত রয়েছে উল্লেখ করে বারাক প্রশ্ন তোলেন, সরকার দীর্ঘদিন ধরে এসব হুমকি মোকাবিলার দাবি করলেও তা বাস্তবে কতটুকু সফল হয়েছে। তিনি সরকার ও জনগণের মধ্যে আস্থার সংকটের কথাও উল্লেখ করেন। তার অভিযোগ, গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখার কারণে এই সংকট আরও জটিল হয়েছে। তিনি বলেন, যারা আগে এসব বিষয়ে গভীরভাবে যুক্ত ছিলেন, তারাও এখন পুরো সত্য জানেন না।



banner close
banner close